গানের ভুবনে এক সুপরিচিত নাম তাহসান। নিজের গান দিয়ে জয় করেছেন অসংখ্য
শ্রোতার হৃদয়। গানের পাশাপাশি কম যাননা অভিনয়েও। গানের সঙ্গে সমানভাবে
জনপ্রিয়তা অর্জন করেছেন অভিনয়ের মাধ্যমেও।
গত রোজার ঈদে প্রকাশিত হয় তার ষষ্ঠ একক অ্যালবাম ‘উদ্দেশ্য নেই’। অ্যালবামের গানগুলো ইতিমধ্যে তাহসানের ভক্তরা লুফে নিয়েছে।
তবে তাহসান ভক্তদের জন্য আরেকটি নতুন খবর হল ‘উদ্দেশ্য নেই’ অ্যালবামের
‘কে তুমি’ গানটির মিউজিক ভিডিও আগামী ফেব্রুয়ারি মাসের শেষের দিকে প্রকাশ
করার সিদ্ধান্ত নিয়েছেন তাহসান। ইতিমধ্যে এই গানের মিউজিক ভিডিওর বিষয়ে
কথাবার্তা চূড়ান্ত হয়েছে। গানটির মিউজিক ভিডিওটি নির্মাণ করবেন নবীন একজন
নির্মাতা।
এছাড়া আসছে ভালোবাসা দিবসে একটি নাটকে অভিনয়ের জন্য কথা চলছে তার।
সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরি নাটকটির শ্যুটিং শুরু হবে। তবে নাটকটি কে
নির্মাণ করছেন কিংবা তার সহশিল্পী হিসেবে কে কাজ করবেন এ ব্যাপারে এখনই
কিছু জানাতে চাননা তাহসান।
গান এবং অভিনয়ের পাশাপাশি তাহসান বর্তমানে স্টেজ শো নিয়েও ব্যস্ত সময়
পার করছেন। সামনে ঢাকা ইউনিভার্সিটি এবং আহসানুল্লাহ ইউনিভার্সিটি আয়োজিত
দুটি কনসার্টের ব্যাপারে কথা চূড়ান্ত হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি
শিক্ষকতা পেশা নিয়ে তো ব্যস্ততা আছেই। তবে বর্তমানে এলার্জিজনিত অসুস্থতায়
ভুগছেন তাহসান।


0 Comments