উখিয়া প্রতিনিধি॥ 
উখিয়ার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের নিমার্ণকাজ উদ্বোধনকালে উখিয়া-টেকনাফ আসনের সাংসদ আব্দুর রহমান বদি বলেছেন, দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে ইয়াবা ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি বলেন, ইয়াবা ব্যবসায়ীদের হাতে নাতে ধরে দিতে পারলে তাকে পুরুস্কৃত করা হবে। ইয়াবা ও মাদক আমি জীবনে সেবন করিনি এবং ইয়াবা বিক্রির টাকাও আমি গ্রহণ করিনি। এমনকি অবৈধ ভাবে উর্পাজনের টাকা কোনদিন স্পর্শও করিনি। তাই আমি একজন সৎ এমপি
বলে দাবী করতে পারব। গতকাল বুধবার বিকেল ৪ টার দিকে পালংখালী ইউনিয়ন পরিষদ ভবন চত্বরে অনুষ্ঠিত জনসভায় তিনি আরও বলেন, এ উপজেলার চেয়ারম্যানদের মধ্যে পালংখালীর চেয়ারম্যান অন্যতম। যেহেতু তিনি সৎ ও নিষ্টাবান বলে এলাকায় সুনাম আছে। তবে রাজনৈতিক মতাদর্শের কারণে এ আসনের সাংসদের সাথে দূরত্বের সৃষ্টি হওয়ায় উল্লেখ্যযোগ্য উন্নয়ন হয়নি। তিনি চেয়ারম্যানের উদ্দেশ্যে বলেন, এলাকার সার্বিক উন্নয়ন করতে হলে সব শ্রেণি পেশার লোকজনদের সাথে সোর্হাদ্দপূর্ণ পরিবেশ সৃষ্টি করে উন্নয়ন তরান্বিত করতে হবে। স্থানীয় চেয়ারম্যানের দাবীর প্রেক্ষিতে তিনি বলেন, বালুখালী থেকে শাহপরীর দ্বীপ পর্যন্ত ৬০ কোটি টাকা ব্যয় বরাদ্ধে বেড়িবাঁধ নির্মাণের প্রক্রিয়া শুরু হয়েছে। পাশাপাশি চট্টগ্রাম থেকে টেকনাফ পর্যন্ত সড়ককে চার লেইনে উন্নীত করার কাজ চলছে। তিনি বিরোধীদলের সমালোচনা করে বলেন, নেতাকর্মীরা ঘরে বসে আরাম আয়েশ করছে, আর অবরোধের গ্যাড়াকলে পড়ে সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে। তিনি এ পরিস্থিতি থেকে উত্তোরণের জন্য উদ্ধাত্ত আহ্বান জানান। পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) এ এইচ এম মাহফুজুর রহমান, উপজেলা আ’লীগের সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, উখিয়া থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম খান, জমিদাতা ও পালংখালী ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক সোলাইমান মেম্বার, কমপ্লেক্স ভবন নিমার্ণ ঠিকাদার বখতিয়ার আহমদ, ইউপি সদস্য ফজলুল কাদের ভুট্টো। এর আগে উদ্বোধনী বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মোস্তফা মিনহাজ।