আবদুল্লাহ নয়নজেলার মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নে পুলিশের সাথে বন্দুক যুদ্ধে আবদুর রশিদ (৩৩) নামে এক ডাকাত নিহত হয়েছে। পুলিশ বলছে, রশিদ চিহ্নিত ডাকাত ছিলেন। মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে হোয়ানক বাজারের পাশে এ ঘটনা ঘটে। নিহত আবদুর রশিদ ওই এলাকার আবুল কালামের পুত্র। এসময় এক পুলিশ সদস্যও আহত হয়েছেন।
মহেশখালী থানার ওসি আলমগীর হোসেন জানান,
পুলিশ দীর্ঘদিন ধরে রশিদের অবস্থান পর্যবেক্ষণ করছিল। মঙ্গলবার সন্ধ্যায় হোয়ানক বাজারে তার অবস্থান সম্পর্কে জানতে পারে পুলিশ। পরে সেখানে পুলিশ গেলে তার বাহিনীর সদস্যরা পুলিশের উপর গুলি বর্ষণ করে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে রশিদ মারা যান।
এ ঘটনায় মোহাম্মদ বায়োজিদ নামের এক পুলিশ সদস্যও আহত হয়েছেন। তাকে চকরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখনো (রাত সাড়ে ৮টা) পর্যন্ত ঘটনাস্থলে লাশ ও পুলিশ রয়েছে।
নিহত রশিদের বিরুদ্ধে ৮ টির বেশি মামলা রয়েছে বলেও জানান ওসি।