স্টাফ রিপোর্টার, ঈদগাঁওকক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে এক মহিলার ভ্যানিটি ব্যাগ চুরি করার অভিযোগে আরেক মহিলাকে আটক করেছে চুরি যাওয়া মহিলার আত্মীয়-স্বজনরা। জানা যায়, ১৩ জানুয়ারী বিকাল ৩টার
দিকে ঈদগাঁও বাসস্টেশন সংলগ্ন মসজিদের পার্শ্ববর্তী স্থানে একটি গ্লাসের দোকানে বসা ছিল ঈদগাঁও চান্দেরঘোনা এলাকার সৌদি প্রবাসী ফেরদৌসের স্ত্রী ও ঈদগাঁও যুবলীগের সহ-সভাপতি শাহজাহানের বোন মোহছেনা বেগম। সেখান থেকে ঐ ভ্যানিটি ব্যাগটি কৌশলে এক মহিলা নিয়ে যায়। পরে মোহছেনাসহ উপস্থিত থাকা তার আত্মীয়-স্বজনেরা ঐ ব্যাগটি খোঁজাখুজি করলে না পেয়ে ভ্যানিটি ব্যাগে থাকা মোহছেনার মোবাইলে ফোন করে। পরক্ষণে একটি মহিলার হাতে থাকা ভ্যানিটি ব্যাগে মোবাইলে রিং বেজে উঠলে, মোহছেনার আত্মীয়-স্বজনেরা ঐ মহিলাটিকে সন্দেহ করে, নানা কৌশলে তাকে পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে আসে। পরে স্থানীয় পুলিশ অনেক জিজ্ঞাসাবাদের পর তার কাছ তথা ঐ ভ্যানিটি ব্যাগ থেকে নগদ চার হাজার আটশত টাকা পায়। ঐ আটককৃত মহিলাটি উখিয়া এলাকার জন্নাত আরা বলে যুবলীগ নেতা শাহজাহান জানান। মোহছেনার ভাই জানান, আমার বোনের কাছ থেকে ব্যাগ চুরি করে, সে ব্যাগে নগদ দশ হাজার টাকা ও একটি মোবাইল ছিল। এখন শুধুমাত্র ঐ আটককৃত মহিলার কাছ থেকে পেয়েছি মাত্র চার হাজার আটশত টাকা। এ রিপোর্ট লেখা পর্যন্ত আটক মহিলাটি ঈদগাঁও তদন্ত কেন্দ্রে রয়েছে।