উখিয়া প্রতিনিধি॥
উখিয়ার মধুরছড়া গভীর জঙ্গলে কুতুপালং ক্যাম্প পুলিশ হানা দিয়ে অস্ত্রসহ ২ জন কুখ্যাত ডাকাতকে আটক করেছে। পুলিশ এদের কাছ থেকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক, ২ রাউন্ড কার্তুজ ও একটি ধারালো কিরিচ উদ্ধার করেছে। এব্যাপারে উখিয়া থানায় অবৈধ অস্ত্র ও ডাকাতি আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
জানা গেছে, কুতুপালং ক্যাম্পের ইউনুছ ও তার ৭ বছরের মেয়েসহ মধুরছড়া জঙ্গলে লাকড়ি সংগ্রহ করতে গেলে ডাকাতেরা তাদের আটক করে ১০ হাজার টাকা মুক্তিপন দাবী করে। রাত ১২টার দিকে ক্যাম্প পুলিশের একটিদল কৌশলে মুক্তিপনের টাকা দেওয়ার বান করে ডাকাতদের আস্তানা ঘিরে ফেলে। পুলিশের উপস্থিতি লক্ষ্য করে অন্যান্য ডাকাতেরা পালিয়ে যেতে সক্ষম হলেও পুলিশ রাজাপালং ইউনিয়নের মধুরছড়া গ্রামের মীর আহমদের ছেলে গিয়াস উদ্দিন (২৭) ও মাছকারিয়া গ্রামের চেংগোলালের ছেলে মোহাম্মদ মালেক মিয়া (২৬) সহ ২ জন ডাকাতকে আটক করতে সক্ষম হয়। কুতুপালং পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ শহিদুল আলম চৌধুরী জানান, ধৃত ডাকাতদের বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতি আইনে ৫টি মামলা রয়েছে। স্থানীয় সাবেক ইউপি সদস্য বখতিয়ার আহমদ জানান, মধুরছড়া জঙ্গলে অবস্থানরত সংঘবদ্ধ একটি ডাকাতদলের অপহরণ বাণিজ্যে অতিষ্ঠ হয়ে ইতিপূর্বে ৪শতাধিক রোহিঙ্গা ক্যাম্প ছেড়ে পালিয়ে গেছে।