আবদুল মজিদ, চকরিয়া: চকরিয়ার বদরখালী ফেরীঘাটের নাইটগার্ড গিয়াস উদ্দিন প্রকাশ জগত (৫০)কে ছিনতাইকারী সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে পিঠিয়ে গুরুতর জখম করেছে। পিঠুনীর এক
পর্যায়ে মারা গেছে সন্দেহে রাস্তায় ফেলে হামলাকারী সন্ত্রাসীরা পালিয়ে গেলে স্থানীয় লোকজন মুমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। গত বুধবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার বদরখালী ফেরীঘাট এলাকায় ঘটেছে নির্মম এঘটনা। সে বদরখালী ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ড (৩নং ব্লক) মহুরীরঝোরা পাড়া এলাকার মৃত নজীর আহমদের পুত্র। এনিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। গুরুতর আহতের পুত্র মো: মহিউদ্দিন ১৫জানুয়ারী রাতে স্থানীয় সাংবাদিকদের জানান, তার পিতা গিয়াস উদ্দিন জগত বদরখালী ফেরীঘাট এলাকায় বিগত ২০বছর ধরে শাহ আমিন, এস আলম, জীপ গাড়ী সহ বিভিন্ন পরিবহন গাড়ীর নাইডগার্ড হিসেবে সুনামের সাথে চাকুরী করে আসছেন। ঘটনার দিন সম্পূর্ণ অন্যায়ভাবে বদরখালী পশ্চিম পুকুরিয়াপাড়া এলাকার মৃত নুরুল আমিনের পুত্র হারুন অর রশিদ, আব্বাস উদ্দিন ও মামুন, মৌলভী আবদুস ছোবহানের পুত্র দিদারুল ইসলাম, মৃত আবদুল কুদ্দুছের পুত্র অকার উদ্দিন, মো: ইসলামের পুত্র সোলতান আহমদ, কবির আহমদের পুত্র মানিক ও ছদুসহ ১৫/২০জনের একদল দূর্বৃত্ত প্রকাশ্যে রাত অনুমানিক ১টার দিকে গিয়াস উদ্দিন জগতের উপর হামলা চালায়। সন্ত্রাসীরা তার পিতাকে পিঠে, কোমড়ে, মাথায় ও পায়ে সহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত, হাড় ভাঙ্গা ও থেতলানো জখম করে। ঘটনার সময় বদরখালীর ইউপি সদস্য খাইরুল বশর এমইউপি, কুতুব উদ্দিন এমইউপি, মনু এমইউপি ও বদরখালী সমিতির পরিচালক কুতুব উদ্দীন গণের কাছে দৌড়ে গিয়ে আশ্রয় নিলেও তাদের সম্মুখেই হামলা চালায়। এসময় তার পকেটে থাকা নগদ সাড়ে ২৫হাজার টাকা, ব্যবহৃত মোবাইল সেট ও প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানাগেছে। এনিয়ে গিয়াস উদ্দিনের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানান। অভিযোগ উঠেছে, মহেশখালীর মাতারবাড়ি এলাকার জনৈক নেচার উদ্দিন নামের এক ব্যক্তি মোবাইল চুরি করলে এর সূত্র ধরে ছিনতাইকারীরা চোরের সাথে আতাত করে এ হামলা চালানো হয়েছে।